অ্যাম্বুলেন্সের ভৌতিক অভিজ্ঞতা: লাশ নিয়ে চাঁপাইনবাবগঞ্জের পথে এক রাত
গত ১৫ বছর ধরে আমি অ্যাম্বুলেন্স চালাচ্ছি। এই দীর্ঘ সময়ে অনেক অভিজ্ঞতা হয়েছে, তবে প্রথম যে ভৌতিক অভিজ্ঞতার মুখোমুখি হয়েছিলাম, সেটি আজও ভুলতে পারিনি। সেদিন এনায়েতপুরের খাজা ইউনুস আলী মেডিকেল থেকে একটি মৃতদেহ নিয়ে আমাকে চাঁপাইনবাবগঞ্জ যেতে হচ্ছিল। সেই রাতের ঘটনাগুলো আজও মনে পড়লে গা শিউরে ওঠে।
রাত সাড়ে ১০টার দিকে মৃতদেহটি অ্যাম্বুলেন্সে তোলা হলো। কিন্তু লাশটি গাড়িতে তোলার পর থেকেই আমার মনে হচ্ছিল, কিছু একটা ঘটতে চলেছে। তবুও আল্লাহর নাম নিয়ে রওনা দিলাম।
লাশের সঙ্গে কয়েকজন বয়স্ক মানুষও ছিলেন। তাঁদের বললাম, "আপনারা সবাই একটু সূরা পড়েন। আপনারা মুরুব্বি মানুষ, আপনাদের তো এসব ভালোই জানা আছে। একটু দোয়া-কালেমা পড়েন। কান্নাকাটি করবেন না।" স্বজনের মৃত্যুতে তাঁরা এমনিতেই অনেক ক্লান্ত ও মানসিকভাবে ভেঙে পড়েছিলেন।
লাশটির গোসল করানো হয়নি। আমার অভিজ্ঞতায়, গোসল না করানো মৃতদেহ অ্যাম্বুলেন্সে নিয়ে যাওয়ার সময় অনেক ক্ষেত্রেই অস্বাভাবিক পরিস্থিতির মুখোমুখি হতে হয়। আমার ভাষায়, তখন ওরা 'খিদা' করে, অর্থাৎ জ্বালাতন করে। তাই আগে থেকেই একটা আশঙ্কা কাজ করছিল। দীর্ঘ পথ যেতে হবে বলে সঙ্গে একজন হেল্পারও নিয়েছিলাম।
নির্জন রাস্তা ধরে প্রায় ২০-৩০ কিলোমিটার যাওয়ার পর হঠাৎ অ্যাম্বুলেন্সটি বন্ধ হয়ে গেল। প্রথমে ভাবলাম, গাড়িতে যান্ত্রিক সমস্যা হতেই পারে। এটা অস্বাভাবিক কিছু নয়। তাই নিজেই চেষ্টা করে আবার গাড়িটি স্টার্ট দিলাম এবং যাত্রা শুরু করলাম।
প্রায় ৬০-৬৫ কিলোমিটার যাওয়ার পর হঠাৎ আমার চোখে প্রচণ্ড ঘুম আসতে শুরু করল। অথচ এর আগে আমার একটুও ঘুম পাচ্ছিল না। ঘুমের এমন চাপ অনুভব করছিলাম যে নিজেকে আর ঠিকমতো নিয়ন্ত্রণ করতে পারছিলাম না। তাই চা খেয়ে আবার গাড়ি চালাতে শুরু করলাম।
প্রায় এক ঘণ্টা গাড়ি চালানোর পর খেয়াল করলাম, লাশের সঙ্গে থাকা লোকজন সবাই ঘুমিয়ে পড়েছেন। অথচ তাঁদের আগেই বলে দিয়েছিলাম, কেউ যেন ঘুমিয়ে না পড়েন। সবাইকে জেগে থেকে দোয়া-কালেমা পড়তে বলেছিলাম, যাতে লাশটি নিরাপদে বাড়িতে পৌঁছায়। তাঁরা তখন রাজি হয়েছিলেন এবং বলেছিলেন, দোয়া পড়বেন।
এদিকে একটানা প্রায় এক ঘণ্টা গাড়ি চালানোর পর অ্যাম্বুলেন্সের হেডলাইটের আলো ধীরে ধীরে কমে আসতে শুরু করল। আমার হেল্পারও ততক্ষণে ঘুমিয়ে পড়েছে। তখন আমার মনে হলো, এবার হয়তো আমার সঙ্গে কিছু একটা ঘটতে চলেছে। তবুও গাড়ি না থামিয়ে নিজের গতিতে চালিয়ে যেতে থাকলাম।
রাত তখন প্রায় সাড়ে ১২টা। রাস্তা একেবারে ফাঁকা। প্রায় দেড় ঘণ্টা ধরে গাড়ি চালানোর পর আবারও মনে হচ্ছিল, আমার সঙ্গে কিছু একটা ঘটবে। লাশটির গোসল করানো হয়নি, এই কথাটাও বারবার মনে পড়ছিল। এসব ভাবতে ভাবতেই আবার চোখে ঘুম নেমে এল। অবশ্য রাত অনেক হয়ে যাওয়ায় ঘুম পাওয়াটা স্বাভাবিকও হতে পারে।
এভাবেই নাটোরের রাস্তায় ঢুকে পড়লাম। ওই রাস্তায় মাঝে মাঝে কিছু উঁচু-নিচু অংশ বা বিট রয়েছে। ঘুমের ঘোরে সেগুলো পার হওয়ার সময় ঠিক কীভাবে গাড়ি চালাচ্ছিলাম, তা বুঝতে পারিনি। হঠাৎ খেয়াল করলাম, অ্যাম্বুলেন্সের পেছনের অংশ, যেখানে মৃতদেহটি রাখা ছিল, সেটি রাস্তার বাইরে চলে গেছে। সঙ্গে সঙ্গে গাড়িটি বাঁ দিকে চাপিয়ে দাঁড় করালাম।
নেমে প্রথমেই মৃতদেহটির কাছে গেলাম। দেখলাম, লাশটি ঠিকই আছে। তবে আগে যেখানে রাখা ছিল, সেখান থেকে সামান্য সরে গেছে। লাশের সঙ্গে থাকা লোকজনও ততক্ষণে জেগে উঠেছেন।
আমি তাঁদের বললাম, "আপনাদের তো আগেই নিষেধ করেছিলাম, ঘুমাবেন না। তারপরও আপনারা সবাই ঘুমিয়ে পড়লেন!" তাঁদের সঙ্গে কিছুক্ষণ বকাবকি করার পর আবার গাড়ি চালাতে শুরু করলাম।
তখন রাত আড়াইটা থেকে তিনটার মতো বাজে। নাটোর পার হয়ে সামনে এগোচ্ছি। এমন সময় হঠাৎ একটা ঠান্ডা হাওয়া আমার শরীরের ওপর দিয়ে বয়ে গেল। বাতাসটা কেমন অস্বাভাবিক ঠান্ডা মনে হচ্ছিল। এর ঠিক ১০ মিনিট পর পেছন থেকে কেউ আমার কানে হাত রাখল।
প্রথমে ভাবলাম, হয়তো লাশের সঙ্গে থাকা লোকজনের কেউ আমাকে ডাকছেন। মাঝখানের সিটে কেউ বসে ডাকলে স্বাভাবিকভাবেই আমি ঘাড় ঘুরিয়ে তাকাব। আমিও হালকাভাবে ঘাড় ঘুরিয়ে পেছনে তাকালাম। কিন্তু সেই হাতের স্পর্শ এতটাই ঠান্ডা ছিল যে আমার কানের পাশের পুরো জায়গাটা অবশ হয়ে গেল। এমনকি সেই হাতের স্পর্শের পর গাড়ি চালানোর শক্তিটুকুও যেন হারিয়ে ফেললাম।
আমি তখন ইয়াসিনসহ কোরআনের কয়েকটি সূরা পড়তে শুরু করলাম। ধর্মীয় বিষয় সম্পর্কে আমার কিছুটা জানা আছে। সেগুলো পড়ে নিজের শরীর বন্ধ করলাম, অর্থাৎ নিজের ওপর যেন কোনো অশুভ প্রভাব কাজ করতে না পারে, সেই চেষ্টা করলাম। কারণ পুরো রাস্তা ধরেই মনে হচ্ছিল, কিছু একটা আমাকে জ্বালাতন করছে।
এরপর ঘাড় ঘুরিয়ে পেছনে তাকিয়ে দেখলাম, সেখানে কোনো মানুষ নেই। তখনই আমার মনে হলো, নিশ্চয়ই কোনো প্রেতাত্মা আমাকে বিরক্ত করছে। সূরা পড়ে নিজের শরীর বন্ধ করার পর সেই হাতটি আমার কান থেকে সরে গেল।
কিন্তু ঘটনাটা সেখানেই শেষ হলো না।
ঠিক ১৫ মিনিট পর দেখলাম, মাঝরাস্তায় সাদা কাফন পরা একজন দাঁড়িয়ে আছে। সে আমাকে হাত দেখিয়ে থামার সংকেত দিচ্ছে। দেখতে একজন মানুষের মতোই, কিন্তু তার উচ্চতা ছিল প্রায় পাঁচ হাত। মুখ, চোখসহ পুরো শরীর সাদা কাফনে ঢাকা। তাকে দেখে মনে হচ্ছিল, যেন বাতাসের মতো কোনো অবয়ব।
আমি বুঝতে পারছিলাম, সেখানে গাড়ি থামালে আমার বিপদ হতে পারে। তাই তার সংকেত উপেক্ষা করে কোনো রকমে তাকে পাশ কাটিয়ে চলে গেলাম। এরপর আল্লাহর রাসুলের নাম নিয়ে নিজের মনকে আরও শক্ত করলাম এবং গাড়ি চালিয়ে যেতে থাকলাম।
কিন্তু তখনও ঘুমের প্রচণ্ড চাপ অনুভব করছিলাম। অবস্থা এমন হয়েছিল যে রাস্তা আসলে একটাই, অথচ আমার চোখে দুটো রাস্তা দেখতে পাচ্ছিলাম। কোন রাস্তা দিয়ে যাব, সেটাই বুঝতে পারছিলাম না।
এর ঠিক ১৫ মিনিট পর অ্যাম্বুলেন্সের পেছনে হঠাৎ বিকট একটা শব্দ হলো। মনে হলো, কেউ যেন লাঠি বা শক্ত কোনো বস্তু দিয়ে গাড়ির পেছনে আঘাত করেছে। আমি সঙ্গে সঙ্গে ইমার্জেন্সি ব্রেক করলাম।
হেল্পারকে বললাম, "দেখ তো, পেছনে কী হয়েছে!"
সে ভয়ে বলল, "ভাই, আমি নামতে পারব না। আমার অনেক ভয় লাগছে।"
তাকে একটু বকাঝকা করে শেষ পর্যন্ত নিজেই সাহস করে গাড়ি থেকে নামলাম। পেছনে গিয়ে ভালোভাবে পরীক্ষা করে দেখলাম, তেমন কিছুই হয়নি। সবকিছু স্বাভাবিকই মনে হলো। তাই আবার গাড়িতে উঠে নিজের গতিতে চালাতে শুরু করলাম।
ফজরের আজান হওয়ার তখন আর মাত্র ২০ মিনিট বাকি। লাশের সঙ্গে থাকা লোকজন সবাই ঘুমিয়ে পড়েছেন। আমার হেল্পারও ঘুমাচ্ছে। এমন সময় হঠাৎ পেছন থেকে একটা কণ্ঠস্বর শুনতে পেলাম।
কেউ যেন কান্নার সুরে বলছে, "আমার অনেক কষ্ট হচ্ছে। তোমরা আমাকে এখান থেকে বের করো। গাড়িটা একটু ব্রেক করো।"
কথাগুলো আসছিল মৃতদেহটির ভেতর থেকে। আমি নিজের গতিতে গাড়ি চালিয়ে যাচ্ছিলাম। প্রথমে ঠিক বুঝতে পারছিলাম না, কী শুনছি!
এর ঠিক ১০ মিনিট পর আবারও সেই কণ্ঠস্বর শুনতে পেলাম। এবার সে বলছে, "আমাকে পানি দাও। আমার অনেক কষ্ট হচ্ছে।"
কথাগুলো আমি স্পষ্ট শুনতে পাচ্ছিলাম। এবার সত্যিই আমার ভেতরে ভয় কাজ করতে শুরু করল। মনে প্রশ্ন জাগল, এটা কি আদৌ সম্ভব? একজন মৃত মানুষ কি এভাবে কথা বলতে পারে? তখন চাঁপাইনবাবগঞ্জ পৌঁছাতে আর প্রায় ১৫ কিলোমিটার বাকি।
এরপর সে পেছন থেকে উঠে এসে মাঝখানের সিটে বসে পড়ল। গাড়ি তখনও চলছিল। সে আমার ঘাড়ের কাছে, একেবারে কানের পাশে মুখ নিয়ে এসে বলল, "তোমার যদি মনে না থাকে, তাহলে গাড়িটা ব্রেক করো।"
আমি তাকে বললাম, "তুই যা পারিস কর। তোর চেয়ে বড়টা আমার সঙ্গে আছে। তুই যা পারিস কর, আমার কোনো সমস্যা নেই।"
সে আবার বলল, "দেখ, ভালো হবে না।"
আমি উত্তর দিলাম, "তোর যা মনে চায়, তুই কর। আমার কোনো সমস্যা নেই।"
আমার বিশ্বাস, আমার সঙ্গে একজন ভালো জিন আছেন। তিনি সব সময় আমার সঙ্গে থাকেন, এখনো আছেন। আমি মনে মনে আমার হুজুরকে ডাকতে শুরু করলাম এবং তাঁকে হাজির করলাম।
তবে তার আগে গাড়ি থামিয়ে দিয়েছিলাম। কারণ বুঝতে পারছিলাম, সে আমাকে গাড়ি চালাতে দেবে না। এভাবে চলন্ত অবস্থায় আমাকে বিরক্ত করতে থাকলে যেকোনো সময় দুর্ঘটনা ঘটে যেতে পারে।
এদিকে লাশের সঙ্গে থাকা লোকজনের মধ্যে ঝগড়া শুরু হয়ে গিয়েছিল। আমি তাঁদের শান্তভাবে বললাম, "ভাই, আপনারা কোনো কথা বলবেন না। এখানে একটু সমস্যা হয়েছে। সে কারণেই গাড়ি থামিয়েছি।"
এরপর আমি লাশের কাছে গেলাম। আমার বিশ্বাস, আমার সঙ্গে যিনি হাজির হয়েছিলেন, তাঁর উপস্থিতি সেই অশুভ সত্তাটিও বুঝতে পেরেছিল। সে এটাও বুঝতে পেরেছিল যে আমার সঙ্গে থাকা সত্তাটি তার চেয়ে প্রায় তিন গুণ শক্তিশালী।
প্রায় আধা ঘণ্টা ধরে তাদের মধ্যে লড়াই চলল। শেষ পর্যন্ত আধা ঘণ্টা পর সেই অশুভ সত্তাটি চলে গেল। ঠিক তখনই ফজরের আজান শুরু হলো।
আমি লাশের সঙ্গে থাকা লোকজনকে বললাম, "আপনারা একটু নামাজ পড়ে আসেন।"
তাঁরা বললেন, "ভাই, আমরা যদি নামাজ পড়তে যাই, তাহলে লাশের কাছে কে থাকবে?"
আমি বললাম, "লাশের কাছে আমার হেল্পার থাকবে। কোনো সমস্যা নেই। আপনারা চলেন, আমরা নামাজটা পড়ে আসি।"
তাঁরা রাজি হলেন। তাঁদের সঙ্গে একজন মহিলা ছিলেন। তাঁকে বললাম, "আন্টি, আপনি মাঝখানের সিটে বসে থাকেন। আমার হেল্পার তো আছেই, কোনো সমস্যা হবে না।"
বাকি দুজন পুরুষের সঙ্গে আমি নামাজ পড়তে গেলাম।
নামাজ শেষ করে ফিরে এসে আবার যাত্রা শুরু করলাম। অবশেষে মৃতদেহটি তার বাড়িতে পৌঁছে দিলাম। লাশ নামিয়ে দেওয়ার পর গাড়ির মুখ ঘুরিয়ে যখন অ্যাক্সিলারেটরে চাপ দিলাম, তখন দেখলাম ইঞ্জিনের শব্দ হচ্ছে, কিন্তু গাড়ি একটুও নড়ছে না।
অথচ জায়গাটা ছিল পাকা রাস্তা। সেখানে গাড়ি আটকে যাওয়ার মতো কোনো পরিস্থিতিই ছিল না। তাহলে এমনটা কেন হলো?
যেখানে লাশটি নামিয়েছিলাম, তার ঠিক পাশেই একটি কালীমন্দির ছিল। পরে এলাকার মানুষের কাছে শুনেছিলাম, ওই জায়গাটার এক পাশ নাকি খারাপ। সেখানে প্রেতাত্মাদের বাস। যে এলাকায় মৃতদেহটির বাড়ি, সেই পুরো অঞ্চল নিয়েই এমন নানা কথা প্রচলিত রয়েছে। লাশের বাড়ির পাশেই একটি বারজুম আছে। এলাকার লোকজনের দাবি, ওই বারজুমে নাকি খারাপ জিন বা প্রেতাত্মারা থাকে।
তবে প্রথমে এসব কথা মাথায় না নিয়ে নিজের মতো করে গাড়ি ঘোরানোর চেষ্টা করছিলাম। এমন সময় মাঝখানের লুকিং গ্লাসে চোখ পড়তেই একটা অদ্ভুত দৃশ্য দেখতে পেলাম।
দেখলাম, আমার অ্যাম্বুলেন্সের স্ট্রেচারে কেউ একজন বসে আছে!
আমি তো কিছুক্ষণ আগেই লাশটি নামিয়ে দিয়েছি। তাহলে সেই মৃতদেহ আবার আমার স্ট্রেচারে এল কীভাবে?
প্রথমবার দৃশ্যটা দেখার পর আর দ্বিতীয়বার লুকিং গ্লাসে তাকানোর সাহস হয়নি। নিজেকে বোঝানোর চেষ্টা করলাম, যা দেখেছি, সেটা নিয়ে আর ভাবব না। লাশ তো নামিয়ে দিয়েছি, তাহলে সেটি আবার গাড়িতে থাকার কথা কীভাবে? তাই বিষয়টিকে পাত্তা না দিয়ে গাড়ি ঘোরানোর চেষ্টা চালিয়ে গেলাম।
কিন্তু কিছুতেই গাড়ি নড়ছিল না। মনে হচ্ছিল, অ্যাম্বুলেন্সটি কোনোভাবে আটকে গেছে। সামনেও যাচ্ছে না, পেছনেও যাচ্ছে না। শেষ পর্যন্ত ইঞ্জিন বন্ধ করে দিলাম।
এরপর আমার জানা দোয়া-কালাম ও সূরাগুলো পড়তে শুরু করলাম। প্রথমে লাশের বাড়ির লোকজনকে ডাকলাম। তাঁদের বললাম, "এক গ্লাস পানি নিয়ে আসেন।"
পানি নিয়ে এলে তাতে দোয়া পড়ে দিলাম। যাকে আমরা পড়া পানি বলি। এরপর বরইপাতা দেওয়া সেই পানি পুরো গাড়িতে ছিটিয়ে দিলাম।
তারপর সেই অস্বাভাবিক সমস্যাটা কেটে গেল। অ্যাম্বুলেন্সটি নিয়ে আর কোনো সমস্যা হয়নি। এরপর থেকে ওই ঘটনায় আমাকে আর কোনো বিপদের মুখে পড়তে হয়নি।
আজও সেই রাতের কথা মনে পড়লে অবাক হয়ে যাই। বিশেষ করে মৃতদেহটি বাড়িতে নামিয়ে দেওয়ার পরও লুকিং গ্লাসে স্ট্রেচারের ওপর কাউকে বসে থাকতে দেখার ঘটনাটি আমার কাছে সবচেয়ে রহস্যময়।
আপনাদের কারও কি কখনো লাশ নিয়ে যাওয়ার সময়, বিশেষ করে অ্যাম্বুলেন্সে, এমন কোনো অস্বাভাবিক অভিজ্ঞতা হয়েছে? হয়ে থাকলে কমেন্টে জানাতে পারেন।
This real-life experience was submitted by an anonymous reader. The story is presented as shared by the contributor. Location: Bangladesh