আমি রাসেল। আজ আপনাদের সঙ্গে আমার জীবনে ঘটে যাওয়া একটি অদ্ভুত ও ভয়ংকর অভিজ্ঞতার কথা শেয়ার করব।
আমি যে বাসায় থাকি, সেটি প্রায় ৮০০ থেকে ৯০০ স্কয়ার ফিটের একটি ছোট বাসা। বিল্ডিংটি বেশ পুরনো। বাসাটিও বিল্ডিংয়ের একেবারে ভেতরের দিকে। সেখানে পৌঁছাতে প্রথমে ভেতরে ঢুকতে হয়, তারপর আরও কিছুটা ভেতরে যেতে হয়।
অনেক দিন ধরেই আমি এই বাসায় একা থাকি। যদিও শুরুতে একা থাকার কথা ছিল না। পারিবারিক কিছু কারণে আমি আলাদা হয়ে এই বাসাটি ভাড়া নিই। আমার সঙ্গে আরও একজনের থাকার কথা ছিল, কিন্তু সে মাত্র পাঁচ দিন ছিল। তারপর থেকে আমি একাই থাকছি।
বাসায় ওঠার প্রায় এক থেকে দেড় বছর পরের ঘটনা। একদিন দুপুরে, তখন বারোটা থেকে একটা বাজে, আমি নিজের খাটে শুয়ে ছিলাম। আমার ছোটখাটো কিছু অনলাইন ব্যবসা আছে। তাই মোবাইলে মেসেজ দেখছিলাম, মানুষের মেসেজের উত্তর দিচ্ছিলাম এবং মাঝেমধ্যে ইন্টারনেট ঘাঁটছিলাম। কখনো ফোনটা পাশে রেখে দিচ্ছিলাম, আবার কিছুক্ষণ পর হাতে তুলে নিচ্ছিলাম।
এমন সময় কেন জানি আমার মনে হতে লাগল, আমার পেছনে কেউ দাঁড়িয়ে আছে। মনে হচ্ছিল, কেউ যেন আমাকে অনুসরণ করছে বা আমার দিকে নজর রাখছে।
ব্যাপারটা অনেকটা এমন, ধরুন আপনি কোথাও বসে আছেন আর আপনার পেছনে কেউ এসে দাঁড়িয়ে আছে। সে অনেকক্ষণ ধরে সেখানে দাঁড়িয়ে আছে বা কিছু একটা করার চেষ্টা করছে। আপনি তার দিকে না তাকালেও একসময় তার উপস্থিতি ঠিকই বুঝতে পারবেন। আমারও ঠিক তেমনই মনে হচ্ছিল।
প্রথমে আমি দুবার পেছনে ফিরে তাকালাম। আমার রুমের দরজার দিকে তাকিয়ে দেখলাম, সেখানে কেউ নেই। আমি তো অনেক দিন ধরেই একা থাকি। তাই মনে মনে ভাবলাম, এখানে এমন কিছু থাকার কথা নয়। কিন্তু তারপরও কেন জানি মন থেকে সেই অনুভূতিটা যাচ্ছিল না।
আরেকটা বিষয় খেয়াল করলাম। আমি যখনই মোবাইলটা পাশে রেখে দিচ্ছিলাম, তখন মনে হচ্ছিল পেছনে থাকা কিছু একটা হঠাৎ সতর্ক হয়ে যাচ্ছে। যেন কেউ আমার সঙ্গে দুষ্টুমি করার চেষ্টা করছে, আর আমি হঠাৎ নড়াচড়া করায় সে একটু সজাগ হয়ে উঠছে। এমন অনুভূতি আমি দুই থেকে তিনবার পেয়েছিলাম।
কৌতূহল থেকে আবার পেছনে তাকালাম। কিন্তু এবারও কিছু দেখতে পেলাম না। তাই বিষয়টাকে গুরুত্ব না দিয়ে নিজের কাজ করতে থাকলাম।
আমার খাটের পেছনের দিকে পানির বোতল রাখা থাকে। আমি বাইরে থেকে কেনা পানি খাই। তাই ঘরে পাঁচ লিটারের বেশ কয়েকটি খালি বোতল জমে থাকে। কিছু বোতল শোয়ানো থাকে, আবার কিছু দাঁড় করানো থাকে।
ঠিক সেই সময় বোতলগুলোর দিক থেকে অদ্ভুত একটা শব্দ শুনতে পেলাম। শব্দটা এমন ছিল, যেন কেউ বোতলের ওপর দাঁড়ানোর চেষ্টা করছে বা নিজের অবস্থান ঠিক করছে। ফ্যানের বাতাসে বোতলগুলো একে অপরের সঙ্গে ধাক্কা খেলে যেমন শব্দ হয়, এটা মোটেও তেমন ছিল না।
বিষয়টা আমার কাছে বেশ অদ্ভুত লাগল। আবার পেছনে ফিরে তাকালাম। কিন্তু আশ্চর্যের বিষয়, সেখানে কাউকেই দেখতে পেলাম না। এরপর আর বেশি কিছু না ভেবে নিজের কাজ চালিয়ে যেতে থাকলাম।
কিছুক্ষণ পর মোবাইলটা অনেকক্ষণের জন্য পাশে রেখে দিলাম। তারপর ডান দিকে কাত হয়ে হাত-পা ছেড়ে দিয়ে আরাম করে শুয়ে রইলাম।
এভাবে পাঁচ-সাত মিনিট, কিংবা দশ মিনিট কেটে যাওয়ার পর হঠাৎ একটা অদ্ভুত ঘটনা ঘটল।
আমার চারপাশটা ধীরে ধীরে অন্ধকার হয়ে আসতে লাগল। অন্ধকার বাড়তে বাড়তে একসময় পুরো ঘর অন্ধকার হয়ে গেল।
অথচ তখন ভর দুপুর। সময় বারোটা থেকে একটা বাজে। দিনের বেলায় হঠাৎ পুরো বাসা এভাবে অন্ধকার হয়ে যাওয়ার কোনো কারণ খুঁজে পাচ্ছিলাম না।
আমি অবাক হয়ে গিয়েছিলাম। কিছুক্ষণ আগেই তো মোবাইলে মেসেজের উত্তর দিয়েছি। আমি ঘুমাচ্ছিলাম না, স্বপ্নও দেখছিলাম না। সম্পূর্ণ জেগে থাকা অবস্থাতেই ঘটনাটা ঘটছিল।
এরপর আরও ভয়ংকর একটা বিষয় অনুভব করলাম।
মনে হচ্ছিল, ওপর থেকে কোনো একটা অদৃশ্য শক্তি আমাকে নিচের দিকে প্রচণ্ড জোরে চাপ দিচ্ছে। আমার ওপর কেউ শুয়ে ছিল না, এমনকি কেউ আমাকে সরাসরি স্পর্শও করছিল না। কিন্তু তারপরও একটা প্রচণ্ড চাপ অনুভব করছিলাম।
চাপটা এতটাই বেশি ছিল যে মনে হচ্ছিল, খাটটা ভেঙে আমি নিচে পড়ে যাব।
তখন আমার মনে হলো, কিছুক্ষণ ধরেই তো আমি পেছনে কারও উপস্থিতি অনুভব করছিলাম। হয়তো সেই কিছু একটা এখন আমার কাছাকাছি চলে এসেছে।
আমি দুই হাত দিয়ে খাটের ওপর খুব জোরে ভর দিয়ে পেছনে ফিরে তাকানোর চেষ্টা করলাম। কিন্তু তাকিয়ে দেখলাম, চারদিকে শুধু অন্ধকার। কিছুই দেখতে পেলাম না।
আর ঠিক তখনই ঠাস করে পড়ে গেলাম। মনে হচ্ছিল, কেউ যেন আমাকে জোর করে খাট থেকে ফেলে দিয়েছে।
এরপর ধীরে ধীরে আমার হাত-পা নাড়ানোর ক্ষমতা চলে গেল। ঠোঁটও নাড়াতে পারছিলাম না। মনে মনে দোয়া পড়ার চেষ্টা করছিলাম, কিন্তু মুখ দিয়ে কিছুই বলতে পারছিলাম না।
অন্ধকারের মধ্যে একবার হয়তো চোখ বন্ধ করেছিলাম। কিন্তু তারপর আর চোখ খুলতে পারছিলাম না।
আমার জীবনে আগে কখনো এমন ঘটনা ঘটেনি। পুরো ব্যাপারটা আমার কাছে খুব ভয়ংকর মনে হচ্ছিল। মনে হচ্ছিল, কোনো একটা অদৃশ্য শক্তি আমাকে লক্ষ্য করেছে এবং আমার ক্ষতি করার চেষ্টা করছে।
আমি তখন বেশ আতঙ্কিত হয়ে পড়েছিলাম। জীবনে প্রথমবার এমন পরিস্থিতির মুখোমুখি হয়েছি, তার ওপর ঘটনাটা ঘটছে ভর দুপুরে। কী করব, কিছুই বুঝতে পারছিলাম না।
তখন সিদ্ধান্ত নিলাম, ঠোঁট নাড়াতে না পারলেও অন্তত মনে মনে দোয়া পড়ব। প্রথমে সূরা ফাতিহা পড়লাম। এরপর দরুদ শরীফ, সূরা ফালাক, সূরা নাস এবং তিনবার সূরা ইখলাস পড়লাম।
সবশেষে আয়াতুল কুরসি পড়তে শুরু করলাম। প্রথমবার পুরোটা পড়ে শেষ করলাম। দ্বিতীয়বার পড়ার মাঝামাঝি সময়ে হঠাৎ সেই চাপটা কমতে শুরু করল। মনে হচ্ছিল, যে শক্তি এতক্ষণ আমাকে চেপে ধরে রেখেছিল, সেটা ধীরে ধীরে আমাকে ছেড়ে দিচ্ছে।
একসময় পুরোপুরি ছেড়ে দিল।
এরপর আমি চোখ খুললাম। চোখ খোলার পর আলোটা আমার কাছে কেমন যেন লাগছিল। মনে হচ্ছিল, প্রায় ১৫ থেকে ৩০ দিন ধরে কেউ যেন আমার চোখ বেঁধে রেখেছিল। এত দিন পর চোখ খুলেছি, আলো দেখতে আমার অস্বস্তি হচ্ছে।
আমি চারদিকে তাকিয়ে অবাক হয়ে গেলাম। কিছুক্ষণ আগেও যেখানে পুরো অন্ধকার ছিল, সেখানে আবার সবকিছু স্বাভাবিকভাবে দেখা যাচ্ছে।
তবে শুধু আলো ফিরে আসাই নয়, রুমের ভেতরেও একটা অদ্ভুত অনুভূতি হচ্ছিল। মনে হচ্ছিল, আমার রুমে এত দিন ধরে পাঁচ-সাতজন মানুষ ছিল। যেন একটা পুরো দল এখানে থাকত। আর হঠাৎ করেই সবাই বাসা ছেড়ে চলে গেছে।
মনে হচ্ছিল, আমি যেন আধা ঘণ্টা আগেই কোনো একটা দলকে বিদায় দিয়েছি। অথচ বাস্তবে আমি দীর্ঘদিন ধরে এই বাসায় একা থাকি।
সেই মুহূর্তে বাসাটাকে আমার কাছে ভীষণ ফাঁকা মনে হচ্ছিল। ব্যাপারটা ঠিক কী ছিল, আমি নিজেও বুঝতে পারছিলাম না।
প্রথমে অবশ্য বিষয়টাকে খুব একটা গুরুত্ব দিইনি। ভেবেছিলাম, হয়তো মনের ভুল। কিন্তু দিনের বেলায় হঠাৎ অন্ধকার হয়ে যাওয়া, সম্পূর্ণ জেগে থাকা অবস্থায় হাত-পা নাড়াতে না পারা—এসব ঘটনা সহজে ভুলে যাওয়ার মতো নয়।
পেছনে কারও উপস্থিতি অনুভব করা, বোতলের দিক থেকে অদ্ভুত শব্দ পাওয়া এবং তারপর এই ঘটনা—সবকিছু মিলিয়ে আমার মনে হয়েছিল, কিছু একটা অনেকক্ষণ ধরে আমার পেছনে দাঁড়িয়ে ছিল।
আমার ধারণা, আমি যখন মোবাইলে কাজ করছিলাম, তখন বারবার ফোনটা হাতে নিচ্ছিলাম আর পাশে রাখছিলাম বলে সেটি সতর্ক হয়ে যাচ্ছিল। হয়তো অনেকক্ষণ ধরে কিছু একটা আমার কাছে আসার চেষ্টা করছিল।
তারপর যখন আমি ফোনটা পাশে রেখে অনেকক্ষণ নিশ্চিন্তে শুয়ে ছিলাম, তখনই সেটি সুযোগ পেয়েছিল। হয়তো তখনই আমার ওপর আক্রমণ করার চেষ্টা করেছিল। অন্তত আমার কাছে ঘটনাটা এমনই মনে হয়েছিল।
পুরো ঘটনাটা প্রায় ৩০ থেকে ৪৫ মিনিটের মতো স্থায়ী হয়েছিল বলে আমার মনে আছে। এর মধ্যে প্রায় ১০ থেকে ১৫ মিনিট আমি নিজের শরীর নাড়াতে পারিনি।
ঘটনাটা আমি বাড়িওয়ালাকে জানাইনি। কারণ এমন ঘটনা আমার সঙ্গে বারবার ঘটেনি। তবে বন্ধুদের কাছে পুরো বিষয়টা বলেছিলাম।
এরপর থেকে বাসা থেকে বের হওয়ার আগে আমি নামাজ পড়ে বের হই। আবার বাসায় ফিরে দোয়া পড়তে পড়তে নিজের রুমে ঢুকি। এই অভ্যাসগুলো আমাকে মনে সাহস জোগায়। তাই সেই ঘটনার পরেও আমি এই বাসায় থাকার সাহস পেয়েছি।
তবে ওই ঘটনার প্রায় এক থেকে দেড় বছর পর আরও কয়েকটি অদ্ভুত ঘটনা ঘটে।
একদিন বাইরে থেকে বাসায় ফিরে মেইন দরজা দিয়ে নিজের রুমে ঢুকছিলাম। লাইট জ্বালাতে যাব, ঠিক সেই সময় হঠাৎ আমার কাঁধের ওপর কেউ হাত রাখল।
আমি স্পষ্টভাবে একটা হাতের স্পর্শ অনুভব করেছিলাম। মনে হচ্ছিল, কোনো মানুষ আমার কাঁধে হাত রেখেছে। স্পর্শটা একেবারে মানুষের হাতের মতোই ছিল।
প্রায় দুই থেকে তিন সেকেন্ড সেই স্পর্শ অনুভব করেছিলাম। তারপর হাতটা সরে যায়। আশ্চর্যের বিষয়, লাইট জ্বালানোর আগেই স্পর্শটা চলে গিয়েছিল।
এ ছাড়াও আরেকটা অদ্ভুত বিষয় আমার সঙ্গে ঘটেছে।
মাঝেমধ্যে মনে হয়, কেউ যেন আমার খাটে উঠছে বা খাট থেকে নেমে যাচ্ছে। খাটে কোনো মানুষ উঠলে বা নামলে যেমন একটা শব্দ হয়, ঠিক তেমনই শব্দ শুনতে পাই। মনে হয়, আমার পাশে কেউ দাঁড়িয়ে আছে এবং আমার খাটে ওঠানামা করছে।
এই ঘটনাটা আমার সঙ্গে দুবার ঘটেছে। আর দুবারই ঘটেছে ভর দুপুরে। রাতে নয়, মাঝরাতে নয়, এমনকি ভোরবেলাতেও নয়। সময়টা ছিল দুপুর বারোটা থেকে একটা।
আমি এই বাসায় প্রায় পাঁচ বছর ধরে থাকছি। বাসায় ওঠার এক থেকে দুই বছর পর, একটি রমজান মাসে আরও একটা অদ্ভুত বিষয় খেয়াল করেছিলাম।
সেহরির সময়, যখন ফজরের আজান দেওয়া হয়, তখন প্রায়ই আমার মনে হতো, ঘরের ভেতর দিয়ে কিছু একটা দৌড়ে বাইরে চলে গেল। আজান দেওয়ার সময় দরজার দিক থেকে এমন একটা অনুভূতি হতো, যেন কেউ খুব দ্রুত ঘর থেকে বেরিয়ে যাচ্ছে।
আমার বাসায় একটা ছোট ইঁদুরও ছিল। রাতে বাসায় থাকলে প্রায়ই দেখতাম, ইঁদুরটা পুরো বাসায় ঘুরে বেড়াচ্ছে। আমি ওকে কিছু বলতাম না।
আমার পাশের রুমে একটা বালতি খোলা অবস্থায় রাখা ছিল। একদিন খেয়াল করলাম, সেই ইঁদুরটাকে আর দেখতে পাচ্ছি না।
যেদিন থেকে ইঁদুরটাকে দেখা বন্ধ হলো, সেদিন গভীর রাতে পাশের রুম থেকে অনেক শব্দ শুনতে পেলাম। এমন শব্দ হচ্ছিল, যেন ইঁদুর দৌড়াদৌড়ি করছে বা লাফালাফি করছে।
পরদিন সকালে পাশের রুমে গিয়ে দেখি, বালতির ভেতরে দুটি ইঁদুর মরে পড়ে আছে। দুটো পাশাপাশি পড়েছিল।
বিষয়টা দেখে আমি অবাক হয়ে গেলাম। কারণ, বালতির মধ্যে এভাবে দুটি ইঁদুর পাশাপাশি মরে পড়ে থাকার কথা নয়। ইঁদুর সাধারণত মেঝেতে বা ঘরের কোনো ফাঁকফোকরে মারা গেলে সেখানে পড়ে থাকে।
আমি তো ইঁদুর মারার জন্য কোনো বিষও দিইনি। তাহলে ওরা দুটো বালতির ভেতরে গেল কীভাবে? আর দুটোই বা পাশাপাশি মরে পড়ে রইল কেন?
আমার মাথায় একটা প্রশ্নই ঘুরছিল। ইঁদুর দুটো কি নিজেরাই বালতির মধ্যে ঢুকে পড়েছিল? নাকি অন্য কিছু ঘটেছিল?
বাসায় আমি ছাড়া আর কেউ থাকত না। তাই কেউ ইঁদুর দুটোকে মেরে বালতির মধ্যে রেখে গেছে, এমনটাও হওয়ার কথা নয়।
আজও এই বিষয়টা আমার কাছে অদ্ভুত লাগে। এর কোনো উত্তর আমি খুঁজে পাইনি।
তারপরও আমি এখনো এই বাসায় থাকছি। আল্লাহর রহমতে বাসা থেকে বের হওয়ার আগে নামাজ পড়ে বের হই। বাসায় ফিরে দোয়া পড়তে পড়তে নিজের রুমে ঢুকি। রাতে ঘুমানোর আগেও নামাজ পড়ি এবং দোয়া-কালাম পড়ে ঘুমাই।
এসব করার পর নিজের মধ্যে একটা সাহস পাই। তাই এত কিছু ঘটার পরেও এই বাসায় একা থাকতে পারছি।
আপনাদের কারও সঙ্গে কি কখনো দিনের বেলায় এমন কোনো অদ্ভুত বা ভৌতিক ঘটনা ঘটেছে? হয়ে থাকলে নিজের অভিজ্ঞতা কমেন্টে জানাতে পারেন।
☠ USER SUBMITTED STORY
This real-life experience was submitted by an anonymous reader. The story is presented as shared by the contributor. Location: Bangladesh